হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলার সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেওয়া দলের নেতাদের বহরে অতর্কিত হামলা চালানো হয়। তার দাবি, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালায়।
তিনি আরও বলেন, হামলায় এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিকও আহত হন। এছাড়া সাংবাদিকদের বহরে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন :