• শনিবার, ২৫ জুলাই, ২০২৬,
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন সংসদ এলাকায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৫:১৬ পিএম

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন সংসদ এলাকায়

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যগত কারণে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর আলোচনা ছিল তিনি কোথায় থাকবেন। তবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানিয়েছেন, বঙ্গভবনে অফিস করলেও তিনি থাকবেন সংসদ এলাকায় স্পিকারের জন্য নির্ধারিত বাসভবনে।

নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানিয়েছেন, তিনি নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন বঙ্গভবনে। তবে বাসস্থানের বিষয়ে তিনি সংসদ ভবনের আশেপাশের এলাকায় স্পিকারের নির্ধারিত বাসভবনেই থাকবেন। এদিকে শুক্রবার বিকেল থেকেই সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন ও এর চারপাশের নিরাপত্তায় রাষ্ট্রপতির জন্য নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত কর্মসূচি রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বেলা সাড়ে ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।

দুপুর সাড়ে ১২টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন তিনি।

Link copied!