ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন—সাম্প্রতিক সময়ে এ ধরনের আলোচনাকে দল টিকিয়ে রাখার রাজনৈতিক বক্তব্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তাঁর ভাষ্য, এ ধরনের আলোচনার বাস্তবতা নেই।
সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজারে সরকারের খাল খনন কর্মসূচি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পার্থ।
আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাইকে অস্বীকার করে দেশে আসা তো দূরের কথা, রাজনীতিতে ফিরে আসাও তাঁর কাছে খুব কঠিন বলে মনে হয়। তিনি বলেন, জুলাই মাসে দাঁড়িয়ে বলছি, দুই বছর আগে আমরা রিমান্ডে ছিলাম। যে রক্ত ও আত্মত্যাগ হয়েছে, এখন মানুষের যে মানসিকতা, তাতে জুলাইকে অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও কঠিন।
এর আগে ভোলা সদর উপজেলার নদীভাঙনকবলিত শিবপুর ইউনিয়নের ভোলারখাল এলাকা পরিদর্শন করেন পার্থ। তিনি আশা প্রকাশ করেন, আগামী একনেক সভায় ওই এলাকার নদীভাঙন রোধে সরকারি বরাদ্দ পাওয়া যাবে। এ ছাড়া খাল খনন কর্মসূচিতে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, ভোলা-১ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :