• শনিবার, ২৫ জুলাই, ২০২৬,
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

প্রতিমন্ত্রীকে সালাম দিতে গিয়ে পুলিশের গাড়ি খাদে, আট পুলিশ আহত

শাহাদাত হোসেন সোহেল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:১১ পিএম

প্রতিমন্ত্রীকে সালাম দিতে গিয়ে পুলিশের গাড়ি খাদে, আট পুলিশ আহত

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি ( জোনায়েদ সাকি ) কে সালাম দিতে যাওয়ার পথে পুলিশবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে আট পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল ঢাকা মেট্রো-ঠ-১৪-৩০৬৩ নম্বরের গাড়িতে রওনা হয়ে বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে জমিতে পড়ে যায়।

এতে নায়েক জুয়েল মিয়া, কনস্টেবল শরিফ, কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম আহত হন।

এর মধ্যে নায়ক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফের অবস্থা গুরুতর বলে জানা যায়। আহতদের পুলিশ সদস্যদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি দুর্ঘটনার কথা জানতে পেরে আহতদের দেখতে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।

এ ব্যাপারে দুর্ঘটনার কথা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়ামিন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে এসেছে। গুরুতর দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পাশাপাশি আমাদের দুর্ঘটনা কবলিত গাড়িটিও উদ্ধার করা হয়েছে ।

Link copied!