• শনিবার, ২৫ জুলাই, ২০২৬,
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সরাইলে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, দগ্ধ মরদেহ উদ্ধার

মোঃ বাদল মিয়া, সরাইল প্রতিনিধি।

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৯:০১ পিএম

সরাইলে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, দগ্ধ মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সীমা রাণী বিশ্বাস (২৭) নামের দুই সন্তানের এক জননীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহবাজপুর চৌধুরীপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সীমা রাণী ওই এলাকার রঞ্জন বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে হবিগঞ্জ জেলার মৃত রানু শীলের মেয়ে সীমা রাণীর সঙ্গে সরাইল উপজেলার শাহবাজপুর চৌধুরীপাড়া এলাকার নীতেন্দ্র বিশ্বাসের ছেলে রঞ্জন বিশ্বাসের বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ৭ ও ৪ বছর বয়সী দুটি পুত্র সন্তান রয়েছে।
বৃহস্পতিবার সকালে এক প্রতিবেশী নারী ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজনকে ডাকেন। পরে ঘরে ঢুকে বাথরুমের ভেতরে দগ্ধ অবস্থায় সীমা রাণীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরাইল থানা-র পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার জানান, স্বামীর পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর দাবি করা হলেও প্রাথমিকভাবে তেমন কোনো আলামত পাওয়া যায়নি। মরদেহের পাশ থেকে একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা এখনও স্পষ্ট নয়। রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!